আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেল পাকিস্তান। এক নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এক নম্বর এখন বাবর আজমের দল।
শনিবার আফগানদের বিপক্ষে শ্রীলংকার কলম্বোতে আগে ব্যাট করতে নেমে ধীরস্থির শুরু করেছিলেন বাবর-রিজওয়ানরা। অবশ্য এ দুই অভিজ্ঞ ব্যাটারই পাকিস্তানকে বিপর্যয় থেকে টেনে তুলেছেন।
ঠিক বিপর্যয় নয়, ৫২ রানেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল এশিয়া কাপের আয়োজক দেশটি। এর পর অধিনায়ক বাবরকে নিয়ে সেখান থেকে পালটা লড়াই চালান মোহাম্মদ রিজওয়ান।
এর আগে পেসার গুলবাদিন নাইব ফখর জামান (২৭) ও ইমাম-উল হককে (১৩) প্যাভিলিয়নে পাঠিয়ে আফগানিস্তানকে ভালো শুরু এনে দেন। পরে দৃঢ়চেতা জুটি গড়েন বাবর-রিজওয়ান। ১১০ রানের সেই জুটি ভাঙে বাবরের বিদায়ে। রশিদ খানের বলে উইকেটের পেছনে থাকা রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে ফেরেন বাবর। তবে তার আগে দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি চারটি চার ও এক ছয়ে ৮৬ বলে ৬০ রান করেন।
