তামিম ইকবালের অবসর কাণ্ডের পর পেরিয়ে গিয়েছে প্রায় এক মাস। সিদ্ধান্ত প্রত্যাহার করে ছুটিতে গিয়েছিলেন টাইগার ওয়ানডে অধিনায়ক।
এরপর চিকিৎসার জন্য লন্ডনে যান, সেখান থেকে ফিরে এসেছেন দেশসেরা ওপেনার। তবে যাওয়ার আগে তামিম বলেছিলেন, দেশে ফিরেই বিসিবির সঙ্গে আলোচনায় বসবেন।
গত ৩১ জুলাই দেশে ফেরা তামিম কবে বৈঠকে বসবেন, সেটাই জানা যাচ্ছিল না। অবশেষে আজ বৈঠকে বসেছে দুই পক্ষ। বিসিবি সভাপতির বাসায় অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনার জানান আজকে থেকে বাংলাদেশ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রাত ৮ টায় শুরু হয় বৈঠক। এর আগে সন্ধ্যা ৭ টা ৪৩ মিনিটে বিসিবি প্রধানের বাসায় আসেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়কের আগে সেখানে যান ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। এ ছাড়া বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এই বৈঠকে উপস্থিত থাকেন।
