বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর সংসদের উপনির্বাচন এবং সিটি করপোরেশনে যত ভোট হয়েছে সবই ইভিএমে হলেও ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হবে ব্যালট পেপারে। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যালটের প্রথম ভোট সুন্দর ও সুষ্ঠু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
এজন্য ১৭ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষপাত ও নিরপেক্ষতা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে ইসি।
মঙ্গলবার (৪ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
আড়াই ঘণ্টা ধরে বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন রয়েছে এবং বিভিন্ন এলাকায় আরও ৭৫টি ভোট রয়েছে। ঢাকায় উপনির্বাচনে ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে প্রথম ভোট হচ্ছে। আমাদের বার্তা একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন করা।
পুলিশ প্রশাসনের প্রতি শতভাগ আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, ১৭ জুলাই অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষভাবে করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ বাহিনীও পক্ষপাতহীন নিরপেক্ষভাবে ভোটে আইনশৃঙ্খলায় শতভাগ নিরপেক্ষ থাকবে বলে আশ্বাস দিয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বৈঠক শেষে নিজেদের শতভাগ নিরপেক্ষতা প্রমাণের অঙ্গীকার করে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আমাদের নিরপেক্ষতা প্রমাণের জায়গা শতভাগ থাকবে। কারা বিশ্বাস করে না? আমি শতভাগ গ্যারান্টি দিলাম। ১৭ জুলাইয়ের নির্বাচন দেখেন, আমাদের নিরপেক্ষতা প্রমাণ পান কি না। যদি (নিরপেক্ষতা) না পান তখন বলবেন… আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব।
