ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসন প্রতি লড়বেন ৭ জন

শেয়ার

ইবি প্রতিনিধি:

সমন্বিত গুচ্ছ পদ্ধতির বাহিরে নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (০৫ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩২০ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে ২ হাজার ১২৭ জন পরীক্ষার্থী। সেই হিসেবে আসন প্রতি লড়বেন ৭ জন ভর্তিচ্ছু।

ইউনিট সমন্বয়কারী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে অংশ নেবে ২ হাজার ১২৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে অনুষদ ভবনে ১ হাজার ১৯৮ জন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ৯২৯ জন।

ইউনিট সমন্বয়কারী ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ বলেন, পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আশা করি সকলের সহযোগিতায় কোনো প্রকার অসঙ্গতি ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে তিনি বলেন, এর আগে প্রত্যেকবারই পরীক্ষার ফলাফল আমরা রাতের মধ্যে দিয়ে দিয়েছি। এবারও আমরা প্রথমদিনেই দেওয়ার চেষ্টা করবো। কোনো কারণে না হলে তখন সকালে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও ও দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সর্বমোট ৩২০ টি আসনের বিপরীতে লড়বেন পরীক্ষার্থীরা। এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের একঘন্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর। পরবর্তীতে জিপিএ এর ২০ নম্বরসহ মোট ১০০ নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.