নরসিংদীতে ২ ছাত্রদল-নেতা খুনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

শেয়ার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে জেলা ছাত্রদলের কমিটি নিয়ে কোন্দলের জেরে গুলি করে দুই ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম খুনের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মী, নিহতদের পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে জড়িতদের বিচারের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে হত্যার নির্দেশদাতা আসামী বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনসহ হত্যায় জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। এসময় খায়রুল কবির খোকনের বিরুদ্ধে স্লোগান দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এর আগে শহরের আরশীনগর থেকে খুনের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে এসে যোগ দেন এলাকাবাসী।

মানবন্ধনে বক্তব্য রাখেন নিহত ছাত্রদল নেতা সাদেকুরের বড় ভাই আলতাফ হোসেন মেম্বার, স্বজন বীরমুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, জেলা ছাত্রদলের বহিষ্কৃত সিনিয়র সহসভাপতি মাইন উদ্দিন ভুইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জোবায়ের আহমেদ তুষার, ছাত্রদলের পদবঞ্চিত নেতা ফাহিম ভুইয়া অভি প্রমুখ।

গত বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩৫) ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম (২০)। এই ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির কেন্দ্রিয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ ও ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয় সদর মডেল থানায়। শুক্রবার দিবাগত রাতে নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী সদর থানায় ওই মামলা করেন।

ওই মামলায় জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎসহ ৩ আসামীকে গ্রেফতার করে শনিবার তাদের ৭ দিনের বিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য‍ করে তাদেরকে জেলহাজতে পাঠায়। রবিবার রিমান্ড শুনানির দিনে রিমান্ড আবেদন নামজুর করে জেল হাজতে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.