ফরিদপুরের আলফাডাঙ্গায় হত্যা মামলায় জামিনে বের হয়ে কিশোরীকে ধর্ষণ

শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় হত্যা মামলায় জামিনে বের হয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লাদেন শেখ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হলেও পলাতক রয়েছেন ওই যুবক।

অভিযুক্ত লাদেন শেখ উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামের আলী আফজালের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ জানুয়ারি পারিবারিক বিরোধের জের ধরে লাদেন শেখ, ইব্রাহীম শেখসহ আরও কয়েকজন একই এলাকার সৌদি প্রবাসী শেখ সাদির ছেলে ও দশম শ্রেণির শিক্ষার্থী শাহেদ শেখকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ওইদিন রাতেই নিহত শাহেদ শেখের ফুফা লিটন খান বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই রাতেই লাদেন শেখ ও ইব্রাহীম শেখকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। ইব্রাহীম শেখ বর্তমানে কারাগারে থাকলেও গত বছরের সেপ্টেম্বরে আদালত থেকে জামিন নিয়ে বের হন লাদেন শেখ।

পরবর্তীতে এ বছরের ২৬ ফেব্রুয়ারি উপজেলার স্বপ্ননগর আবাসন এলাকার একটি বাড়িতে অভিযুক্ত লাদেন শেখ রাজমিস্ত্রির নির্মাণ শ্রমিকের কাজে যান। এ সময় ওই বাড়ির ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাড়ির পাশে একটি ঘাসের জমিতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনার একদিন পর ওই কিশোরীর মা বাদী হয়ে লাদেন শেখকে অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকে লাদেন শেখ পলাতক রয়েছেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ও ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ইউনুছ আলী বিশ্বাস জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি খুব শিগগিরই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.