নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নাটোর-বগুড়া মহাসড়কে সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নাছিম আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে নজরুল ইসলাম দিঘাপতিয়া বাজার থেকে দুধ কিনে বাসায় ফিরছিলেন।
এসময় পথে নাটোর-বগুড়া মহাসড়কের কাশিয়াবড়ি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এক যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয়।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
