যত ম্যাচ খেলছেন ততই ইংল্যান্ড টেস্ট দলের বড় তারকাতে পরিণত হচ্ছেন হ্যারি ব্রুক। ২২ গজে নামলেই করছেন একের পর এক রেকর্ড। তরুণ এই ক্রিকেটার মাত্র নিজের ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলছেন। এসবের মাঝে নিজের নামের পাশে আরেকটি রেকর্ড গড়ে ফেলেছেন। ৩০ বছরের পুরানো রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় এই ইংলিশ ব্যাটার।
নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮৪ রান করে অপরাজিত আছেন হ্যারি ব্রুক। ১৬৯ বলে ২৪টি চার ও পাঁচটি ছয়ের মাধ্যমে এই ডানহাতি ব্যাটারের ইনিংসটি সাজানো।
এখন পর্যন্ত প্রথম নয় ইনিংসে ৮০৭ রান করেছেন হ্যারি ব্রুক। প্রথম ৯ ইনিংস শেষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি এতোদিন ছিল বিনোদ কাম্বলির নামে। ৭৯৮ রান করেছিলেন সাবেক ভারতীয় এই ব্যাটার। কিন্তু তাকে ছাপিয়ে প্রথম ব্যাটার হিসেবে ৮০০ রান করার রেকর্ড করলেন ব্রুক (৮০৭)।
১৯৯৪ সালে ভারতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান বিনোদ কাম্বলি প্রথম নয় ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েছিলেন।
অপরদিকে হুমকির মুখে রয়েছে কিংবদন্তি দুই ক্রিকেটারের রেকর্ড। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান তাঁর প্রথম ছয় টেস্টে ৮৬২ রান করেছিলেন। ভারতের সুনীল গাভাস্কারের প্রথম ছয় টেস্টে রয়েছে ৯১২ রান। এবার হ্যারি ব্রুকের সামনে দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি।
কিউইদের বিপক্ষে এখনো প্রথম ইনিংসে অপরাজিত ব্রুক। যদি তিনি আর ১০৫ রান করেন তাহলে কিংবদন্তিদের ছাড়িয়ে যাবেন এই ইংলিশ ব্যাটার।
