সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী।
এই প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মাধ্যমে নায়িকা হন তিনি। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরী।
পরে জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে এবং ব্যক্তিগত মনোমালিন্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সিনেমা করলেও সেগুলো দিয়ে পূজা নজর কাড়তে পারেননি, বরং সমালোচিত হয়েছেন।
এ কারণে পূজা আবারও জাজে ফিরতে চাইছেন। জাজ থেকে বেরিয়ে আসা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটি বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন এই নায়িকা। তাই ক্ষমা চেয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পূজা পেজে একটি পোস্ট দিয়ে লিখেছেন, আমার বয়স অল্প। না বুঝে হয়তো ভুল করেছি। ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন।
