খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সম্মান ১ম বর্ষের ক্লাস এই মাসের ২২ তারিখ থেকে শুরু হবে। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় গুচ্ছ ভর্তিসংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে আলোচনা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ও রেজিস্ট্রেশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্তের মধ্যে রয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ মোট শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য সশরীরে রিপোর্টিং করতে হবে ১৫ ও ১৬ জানুয়ারি। শূন্য আসনে রিপোর্ট করা শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে ১৭ জানুয়ারি। মেধাতালিকা থেকে শূন্য আসনে চূড়ান্ত ভর্তির কার্যক্রম চলবে ১৮ ও ১৯ জানুয়ারি।
এ ছাড়া এর আগে যারা প্রাথমিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তাদের সশরীরে ভর্তি হতে হবে ১৫ ও ১৬ জানুয়ারি (এর মধ্যে যারা চূড়ান্ত ভর্তি হয়েছে তাদের ভর্তির প্রয়োজন নেই)। কোর্স রেজিস্ট্রেশন অনলাইনে ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
ফাঁকা আসন পূরণের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস আমার সংবাদকে বলেন, আমাদের ২০০ এর মতো আসন খালি আছে। আশা করি ১৮ জানুয়ারির মধ্যে এটি শেষ হবে। যদি অল্প কিছু আসন বাকী থাকে আমরা পরবর্তী সপ্তাহে এটি শেষ করতে পারবো। গণবিজ্ঞপ্তির ন্যায় কোন ঘোষণা আমরা দেইনি।
