ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে রাজনৈতিক সহিংসতায় অন্তত ২০ জন নিহত হোন।
ইরাকে প্রায় ১০ মাস আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক বিরোধের কারণে এখন পর্যন্ত দেশটিতে নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। মোকতাদা আল-সদরের দল সদর মুভমেন্টের কিছু দাবির কারণে সরকার গঠনে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
দেশটির অন্যতম প্রধান রাজনীতিক এবং শিয়া নেতা মোকতাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। খবর তাসের।
এদিকে সহিংসতার সময় সোমবার বাগদাদের উচ্চ-নিরাপত্তা বলয় গ্রিন জোনকে লক্ষ্য করে গোলাবর্ষণের ঘটনাও ঘটে।
এই পরিস্থিতিতে মোকতাদা সদর সোমবার এক বিবৃতিতে রাজনীতি থেকে চিরতরে অবসর নেওয়ার ঘোষণা দেন ।এমনকি নিজের সব রাজনৈতিক কার্যালয় ও সেগুলোর কার্যক্রমও বন্ধের ঘোষণা দেন তিনি।
তার দাবি, তিনি কখনোই নেতৃত্ব এবং ধর্মীয় কর্তৃপক্ষের দাবিদার ছিলেন না। তাই চিরদিনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। অবশ্য ৯ বছর আগেও একবার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন সদর। তবে পরে আবারও তিনি রাজনীতিতে ফিরে আসেন।
