আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফৌজদারি মামলার আসামিদের মাঠে নামিয়ে দিয়েছে বিএনপি। এদের মাধ্যমে দেশে ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে দলটি।
সোমবার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সাংবিধানিক ও নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। এরই ধারাবাহিকতায় সারা দেশে আন্দোলনের নামে তারা সশস্ত্র মহড়া দিচ্ছে।
একইভাবে আন্তর্জাতিক সংস্থা ও বন্ধু রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করছে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবিলা করছে। আমাদের দলের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও গণতান্ত্রিক ঔদার্য্য নিয়ে সহনশীল আচরণ করার নির্দেশনা দিয়েছেন।
এরই সুযোগে বিএনপি তাদের সন্ত্রাসী বাহিনী মাঠে নামিয়ে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ক্রমাগত উসকানি দিচ্ছে।
ওবায়দুল আরো কাদের বলেন, এ দেশে হত্যা-ক্যু ষড়যন্ত্র-চক্রান্ত দুর্নীতি-দুর্বৃত্তায়ন সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিভ‚ এবং পৃষ্ঠপোষক হলো বিএনপি। বিএনপির জন্মই হয়েছে নিষ্ঠুর স্বৈরশাসনের গর্ভে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা এবং ৩ নভেম্বর কারাগারে চার জাতীয় নেতা হত্যার পর জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখল করে বিএনপি সৃষ্টি করে।
তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্র ও অপকৌশল বাস্তবায়নের সম্ভাবনা না দেখলে তারা নির্বাচনেও অংশগ্রহণ করে না। অন্য দিকে পলাতক আসামি তারেক রহমান ও বিএনপি হাওয়া ভবনের সুবিধাভোগী গোষ্ঠীর দ্বারা বিদেশে অর্থপাচার করে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যবহার করছে।
দেশের অগ্রগতি ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে ব্যয় করছে। সেই অবৈধ অর্থ ব্যবহার করে অপপ্রচার, গুজব, বিভ্রান্তি ছড়িয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে।
