মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে বেআইনী ও অবৈধভাবে ব্যাটারী কারখানা পরিচালনা করার জন্য মোবাইল কোর্ট তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে। বুধবার (৩ জুলাই) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়া এলাকায় নরসিংদী জেলা প্রশাসনের মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করেন।
এসময় অনুমতি ছাড়া বেআইনী ও অবৈধভাবে পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাটারী উৎপাদন মজুদ ও এর বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করার জন্য জীন ওয়েন ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেড নামে একটি ব্যাটারী কারখানাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক মোছাঃ শারমিন ইসলাম। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় জেলার বিভিন্ন ডাইং ও ব্যাটারী কারখানায় মোবাইল কোর্টের এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কারখানাগুলো বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারার বিধানসমূহ প্রতিপালনপূর্বক পরিচালিত হচ্ছে কিনা তা যাচাই করেন মোবাইল কোর্টের বিচারক মোছাঃ শারমিন ইসলাম।
এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত রায় ও জেলা পুলিশের একটি টিম। মোবাইল কোর্টের বিচারক বলেন অবৈধ ও বেআইনীভাবে কারখানা পরিচালনাকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
