এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার

শেয়ার

অনলাইন ডেস্ক:

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এবারের পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র এবং ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী।

গতবারের চেয়ে এবারের পরীক্ষায় এক লাখ ৩৫ হাজার ৯০ শিক্ষার্থী বেড়েছে। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার আটটি বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষা দেবে। এবার ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে ২৮ হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে।


শিক্ষামন্ত্রী বলেন, কেউ মিথ্যা ফাঁস হওয়া প্রশ্নের পিছনে ছুটলে ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। কেউ ফেসবুকে ভুয়া প্রশ্ন তুলে দিলে বিটিআরসি সঙ্গে সঙ্গে সেই লিংক বন্ধ করে দেবে। কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইলফোন ও ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নিতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, সচিবের ফোন ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাকে অবশ্যই ছবি  তোলা যায় না এমন ফোন ব্যবহার করতে হবে।
সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এসএম ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.