দেলোয়ার হোসেন, রামগতিঃ
লক্ষীপুর জেলার রামগতি উপজেলার সদর আলেকজান্ডার যানবাহন রাখার কোনো নির্দিষ্ট বৈধ স্ট্যান্ড না থাকায় রামগতি উপজেলার পৌর বাজার এখন যানজটের শহরে পরিণত হয়েছে। জনগুরুত্বপূর্ণ আলেকজান্ডার পৌর বাজারে যানজট নিরসনের কোনো সুষ্ঠু ব্যবস্থা বা জনসাধারণের চলাচলের জন্য ট্রাফিক আইন প্রয়োগ না থাকায় আলেকজান্ডার শহরবাসীর জন্য যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে দীর্ঘদিন ধরে সমস্যাটি স্থায়ী হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, বর্তমানে আলেকজান্ডার পৌর শহরে প্রায় শতাধিক চার্জার রিকশা, ৩ শতাধিক ভ্যান, ৩ শতাধিক ব্যাটারিচালিত অটো চার্জার ও ৩ শতাধিক সিএনজিসহ শতাধিক ট্রাক ও ট্রাক্টর রয়েছে। এই বিপুল পরিমাণ যানবাহন রাখার জন্য আলেকজান্ডার বাজারে নেই কোনো টার্মিনাল। পৌর কর্তৃপক্ষ বাজারে যানবাহন অবস্থানের জন্য কোনো স্ট্যান্ড তৈরি করেন নি।
এ কারণে বাজার জুড়ে বিক্ষিপ্তভাবে সকল প্রকার যানবাহন চলাচল করে।
ফলে সৃষ্টি হয় ভয়াবহ যানজট।এছাড়াও প্রতিনিয়ত আলেকজান্ডার বাজারে স্থানীয় মালগুদাম, খাদ্যগুদামের মালামাল লোড-আনলোড করে বাজারের মধ্য দিয়ে চলাচল করে। এমনকি এ সড়কের উপর দিয়ে লক্ষীপুর এবং নোয়াখালী হয়ে দূর-দূরান্তের ট্রাক সহ সকল প্রকার যানবাহন এ বাজারের একমাত্র সরু রাস্তা দিয়ে চলাচল করায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। অপরদিকে স্থানীয় পুলিশ প্রশাসনের চোখের সামনে বাজারের জনগুরুত্বপূর্ণ রাস্তার ওপর বাস রেখে যাত্রী তোলার কারণে যানজট আরও প্রকট আকার ধারণ করে।
শহরের জনগুরুত্বপূর্ণ স্থানে স্বল্প সময়ে জন্য পুলিশ থাকলেও ট্রাফিক আইন প্রয়োগ না করার কারণে অবাধে খেয়াল খুশিমতো যানবাহন চলাচল করায় এ উপজেলার বিভিন্ন বাজারে প্রায় সব রাস্তায় সব সময় যানজট লেগেই থাকে। যানজটের কারণে স্কুল, কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রীরা স্কুল কলেজে সময় মতো পৌঁছতে পারে না। বেশির ভাগ দুর্ভোগের শিকার হতে হয়।
এছাড়াও যানজটের ভোগান্তিতে রয়েছে উপজেলার যেসব গুরুত্বপূর্ণ মোড় গুলো-
জমিদার হাট বাজার – কারামতিয়া মোড় সকাল সন্ধা সর্বক্ষণ যানজট লেগেই থাকে।
আলেকজান্ডার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এমনকি খাদ্য গুদামের সামনে সকাল,দুপুর এবং বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত টানা যানজটের ভোগান্তিতে থাকতে হয় পথচারীদের।
উপজেলা পরিষদের সামনে আদালত মোড়ে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল বেলা।রামদয়াল বাজার মোড়ে,বিবির হাট তিন রাস্তার মোড়ে,রামগতির হাট বাজার তিন রাস্তার মোড়ে প্রতিনিয়ত যানজট লেগে থাকে।যানজটের ভোগান্তি থেকে জনগণকে সস্তি পেতে ট্রাফিক ব্যবস্থা বাধ্যতামূলক।
এ বিষয়ে রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, আমার পুলিশ সদস্যদের দিয়ে সব সময় যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এত বড় একটি গুরুত্বপূর্ণ ব্যস্ত বাজারে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কোনো ট্রাফিক পুলিশ না থাকায় আমরা খুব সমস্যায় আছি।
