Decorator worker dies in electrocution in Rakhtpur temple

shear

 

Correspondent, Ratapur (Laxmipur)
লক্ষ্মীপুরের রায়পুরে দুর্গাপূজার প্রস্তুতির সময় মন্দিরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামের এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের সর্বজনীন শ্রীশ্রী গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। কামাল হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের বাসিন্দা। তিনি চাঁদপুরের হাজীগঞ্জে একটি ডেকোরেটরের দোকানে কাজ করতেন।

মন্দির কর্তৃপক্ষ জানায়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দিরে সাজসজ্জা ও বৈদ্যুতিক কাজ করছিলেন কামাল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়া মোস্তফা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া। এ সময় উপজেলা পূজা উদযাপন  পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় এবং গিরিধারী মন্দিরের সভাপতি সমীর কর্মকারসহ মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মই দিয়ে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান কামাল। মন্দির পরিচালনা ও পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সমীর কর্মকার বলেন, পূজামণ্ডপে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।
রায়পুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত বলেন, এ ঘটনায় তাঁরা মর্মাহত। তাঁরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনাটিকে দুর্ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.