Rubel Chakraborty, District Representative:
ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে তিনটি মাছ ধরার ট্রলার, বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৮ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর এক জেলেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বনি আমিন।
জানা গেছে, রোববার বিকেল থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে কোস্টগার্ডের সহযোগিতায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে বাসনভাঙ্গা চরের দক্ষিণ পাশে মাছ শিকাররত অবস্থায় তাদের আটক করা হয়। আটক জেলেদের বাড়ি পার্শ্ববর্তী লালমোহন ও মনপুরা উপজেলায়।
পরে জব্দকৃত অবৈধ জাল শশীগঞ্জ মৎস্যঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত তিনটি ট্রলার বর্তমানে উপজেলা মৎস্য অফিসের হেফাজতে রয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. শাহিন (৩৮), মো. জামাল (৪০), রিপন (২৯), মো. শাকিল (২৪), মো. সবুজ (২০), আবদুর রব (৫২), আরিফ (৩০) ও রুবেল (২৯)। অপ্রাপ্তবয়স্ক হৃদয়কে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. বনি আমিন বলেন, মা ইলিশ রক্ষায় সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে মেঘনায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ মাছ শিকার করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
