মোঃ মোবারক হোসেন
Narsingdi Representative:
আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করেছে নরসিংদী জেলা পুলিশ।
শুক্রবার (০৯ অক্টোবর) নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক (বিপিএম-সেবা)।
সভায় পূজা চলাকালীন জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপসমূহের নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগাম পদক্ষেপ গ্রহণসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় একটি উৎসবমুখর ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, “শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে নরসিংদী জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। প্রতিটি মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ (ওসি) এতে অংশ নেন।
