Faridpur District Representative
ফরিদপুরের চরভদ্রাসনে বসতঘরের দরজার ছিটকিনি খুলে নগদ টাকা, স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইব্রাহিম মিয়া (৪৫), কবির চৌকিদার (৪২) ও আদিল উদ্দিন (৪৫)। তাঁদের মধ্যে ইব্রাহিম মিয়ার বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা এলাকায়, কবির চৌকিদারের বাড়ি ভাঙ্গা উপজেলার পরানর গ্রামে এবং আদিল উদ্দিনের বাড়ি চরভদ্রাসন উপজেলার কেএম ডাঙ্গী এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রাতে চরভদ্রাসন উপজেলার পূর্ব গাজীরটেক এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ওই রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে বাড়ির দরজা-জানালা বন্ধ করে তিনটি কক্ষে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে চোরেরা কৌশলে বাড়ির সামনের দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে। পরে আলমারির ড্রয়ার থেকে নগদ টাকা, বাদীর বোনের শয়নকক্ষ থেকে একটি রেডমি নোট-১০ ও একটি স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম প্লাস মোবাইল ফোন এবং তাঁর গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন চুরি করে।
এ সময় চোরেরা ওই নারীর কানের দুল খোলার চেষ্টা করলে তিনি জেগে উঠে চোর চোর বলে চিৎকার করেন। পরে চোরেরা চুরি করা মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য মো. রাকিবুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় নথিভুক্ত করা হয়।
মামলার তদন্তে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) কেরামত আলীসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। তদন্তের একপর্যায়ে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ফরিদপুর কোতোয়ালি ও ভাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ইব্রাহিম মিয়া ও কবির চৌকিদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে একই ঘটনায় আদিল উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী বলেন, “চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অভিযান পরিচালনার মাধ্যমে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
