Abu Taher, Ramganj Representative:
চলমান বর্ষা মৌসুমে পানি প্রবাহ নির্বিঘ্ন করনের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরখাল অবমুক্ত করণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাসের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে পৌর শহরের আনসার ক্যাম্প পোলের গোড়া এবং যুগি বাড়ির সামনে রামগঞ্জ-সোনাইমুড়ী খালে পেতে রাখা বাংলাজাল, বেহালজাল, গরা, বিভিন্ন প্রকার খুঁটি অপসারণের মাধ্যমে মাসব্যাপী খাল অবমুক্তকরন কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীর প্রথম দিন জব্দকৃত জালের একাংশ ঘটনাস্থলে কেটে ফেলা হয় এবং বাকী জাল পৌরসভার স্টোরে রাখা হয়। কর্মসূচী শেষে জব্দকৃত সকল জাল এবং আনুষাঙ্গিক জিনিসপত্র একসাথে পুড়িয়ে ফেলা হবে বলে জানান পৌর কর্মকর্তারা। এসময় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম সর্দার, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলাল, পৌর স্যানেটারী ইন্সপেক্টর মোঃ আলমগীর কবির সহ একাধিক নেতৃবৃন্দ।
