Abu Taher, Ramganj Representative:
দাবিকৃত এক লাক টাকা চাঁদা না দেওয়ায় লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ হোসেন বাবু নামের এক স্বেচ্ছাসেবকদল নেতার নেতৃত্বে আঃ রব নামের এক বিএনপি নেতার স্ত্রী খুকি বেগমের নাক কর্তন করা হয়েছে। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে রামগঞ্জ পৌরসভার কলচমা ওয়ার্ডের আবদুল আজিদ মুন্সী বাড়িতে। মুমুর্ষ অবস্থায় খুকি বেগম রামগঞ্জ সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সৃষ্ট ঘটনায় বিএনপি নেতা খুকি বেগমের স্বামী আঃ রব বাদী হয়ে তিনজনকে আসামী করে সোমবার (২৬মে) রামগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাজু হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে।
মামলার বাদী কলচমা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক আঃ রব জানান, গত কয়েক দিন পূর্বে তার ছেলে শাহাজাহান পার্শ্ববর্তী ডাক্তার পেয়ারা বেগমের কাছ থেকে তার জমির মাটি ক্রয় করে। শনিবার ওই মাটি আঃ আজিদ মুন্সী বাড়ির নিজ বসত ভিটিতে নেওয়ার সময় একই বাড়ির আব্দুল হাসিমের ছেলে ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা ফরিদ হোসেন বাবুর নেতৃত্বে তার ভাই মোঃ রাজু এবং একই বাড়ির বিল্লাল হোসেনের ছেলে মোঃ শান্ত বাধা প্রদান করে। এসময় বাধা প্রদান কারীরা তার ছেলে শাহাজাহানের নিকট ১লাক টাকা চাঁদা দাবি করে। এসময় বিএনপি নেতার স্ত্রী শাহাজাহানের মা খুকি বেগম মাটি কাটার স্থলে এসে দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে খুকি বেগম ও ছেলে শাহাজাহানকে মারধর করে। এক পর্যায়ে রাজু দা’য়ের কোপে খুকি বেগমের নাক বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় ফরিদ হোসেন বাবু খুকি বেগমের গলার চেইন ছিনিয়ে নেয়। এসময় তাদের আতর্œচিৎকারে লোকজন ছুটে এলে হামলাকারীরা সকলকে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। বর্তমানে খুকি বেগমের অবস্থা আশংকাজনক।
এদিকে রাজু গ্রেপ্তারের পর রোববার দিবাগত গভীর রাতে আসামী পক্ষ দলবল নিয়ে বিএনপি নেতা আঃ রবের বসত ঘরের দরজা-জানালা পিটিয়ে তার পরিবারের সকলকে প্রাণে হত্যার হুমকী দিয়ে যায়। এতে আঃ রব তার প্রবাসী ছেলেদের বৌ এবং নাতীদের নিয়ে আতংকিত অবস্থায় রয়েছে।
এনিয়ে স্বেচ্ছাসেবদল নেতা ফরিদ হোসেন বাবুর বোন আয়েশা আক্তার জানান, নাক কর্তনের ঘটনায় তার ভাইয়েরা জড়িত নয়। ঘটনার সময় হুড়োহুড়িতে ছেলে শাহাজাহানের আঘাতেই তার মায়ের এ অবস্থা হয়েছে।
এব্যাপারে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, সৃষ্ট ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
