Md. Mubarak Hossain, Narsingdi representative:
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মনোহরদীর আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে মনোহরদীতে দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে, লাইফ স্টক সার্ভিস প্রোভাইটার খাদেমুল ইসলামের সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া।বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার,মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা এবং খামারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবী তুলে ধরে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা ফার্মারস এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহফুজুর রহমান।
অতিথিগণ প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন পশু পাখীর স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। প্রদর্শনীতে উপজেলার খামারিরা, এনজিও সংস্থা ও ভেটেরিনারি ফার্মেসিগুলো অংশ নেয় । প্রদর্শনীতে বিভিন্ন উন্নত জাতের ছাগল, ভেঁড়া, গাভী, ষাঁড়, ঘোড়া, টাইগার কেট, কবুতরসহ বিভিন্ন উন্নত প্রজাতির পাখি, উন্নত জাতের ঘাস, গরুর দানাদার খাদ্য, ভেটেরিনারি ঔষধ সহ ৩৩টি স্টল প্রদর্শনীতে অংশ গ্রহন করে ।
পরে সমাপনী অনুষ্ঠানে খামারিদের মাঝে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও খামারীদের মাঝে এনএ টিপি-২ প্রকল্পের আওতায় ১৫টি গরু বিতরণ করা হয়। এসময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসনে আরা ছন্দা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তারসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
