‘Doctor’ cannot be written without MBBS-BDS degree: High Court

shear

আজকের পর থেকে এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 

তবে আজকে পর্যন্ত যদি ডিপ্লোমাধারী কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া যাবে না।

এ ছাড়া আবেদনকারী ডিপ্লোমা চিকিৎসকদের আগামী ৬ মাসের মধ্যে যথাযথ পদবি দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বলে জানান রিটের পক্ষের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।

এসংক্রান্ত দুটি রিটের শুনানি শেষে বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ সাদ্দাম হোসেন শুনানি করেন। এ ছাড়া প্রথম রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. সাইদুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম। অন্যদিকে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী এরশাদুল আলম।

২০১০ সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। ‘ডিএমএফ’ ডিগ্রিধারীদের (ডিপ্লোমাধারী হিসেবে নিবন্ধিত) ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ এনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদাসহ অন্যরা ২০১৩ সালে একটি রিট করেন। এ ছাড়া আইনের ২৯ ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর এরেকটি রিট  করেন। প্রথম রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৩ সালের ১১ মার্চ হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

আর দ্বিতীয় রিটের প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৫ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। এরপর একসঙ্গে দুটি রিটের শুনানি শেষে আজ রায় দিলেন হাইকোর্ট। 

বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২৯(১) ধারায় বলা আছে, এই আইনের অধীন নিবন্ধন করা কোনো মেডিক্যাল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোনো নাম, পদবি, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করবেন না, যার ফলে তার কোনো অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে বলে কেউ মনে করতে পারে, যদি না তা কোন স্বীকৃত মেডিক্যাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হয়ে থাকে। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ব্যতীত অন্য কেউ তাঁদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। ২৯(২) ধারার ভাষ্য, কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করলে তা হবে একটি অপরাধ এবং সে জন্য তিনি ৩ (তিন) বছর কারাদণ্ড বা ১ (এক) লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন এবং ওই অপরাধ অব্যাহত থাকলে প্রতিবার এর পুনরাবৃত্তির জন্য অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডে, বর্ণিত দণ্ডের অতিরিক্ত হিসাবে, দণ্ডনীয় হবেন।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.