Fans meet around Ras festival at Madanmohan Temple in Rakhtpur

shear

Pradeep Kumar Rat, Special Representative:

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, আনন্দ আর ঐতিহ্যের মেলবন্ধনে লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরের ঐতিহ্যবাহী রাস উৎসব। শত বছরের পুরোনো এ ধর্মীয় উৎসবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ভক্ত, পূজারি ও দর্শনার্থীর সমাগম ঘটে। রাখাল নৃত্য,  শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তন, ধর্মীয় সংগীত ও রাসলীলা ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে প্রতিবছর এ রাস উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব চলে বুধবার ভোররাত পর্যন্ত।
সকাল থেকেই ভক্তরা চিনি, কলা, বাতাসা, বিভিন্ন ফলমূল ও পূজার সামগ্রী নিয়ে মন্দিরে আসতে শুরু করেন। পূজা-অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। অনেকে পরিবার-পরিজন নিয়ে উৎসবে যোগ দেন। শিশু, তরুণ ও বয়স্কদের উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দমুখর পরিবেশ। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ব্রজ বিহারি দাসের পরিবেশনায় শ্রীমদ্ভাগবত পাঠ ও কীর্তন। ভক্তিমূলক সংগীত, ঢাক-ঢোল, করতাল ও কৃষ্ণনামে মুখরিত হয়ে ওঠে মন্দিরের আশপাশ। রাতে অনুষ্ঠিত হয় ধর্মীয় সংগীত ও রাসলীলা। কৃষ্ণভক্তদের কাছে রাস উৎসবের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় শ্রীশ্রী রাধাগোবিন্দের রাসলীলা। রায়পুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুপম সাহা ও স্থানীয় অমল রায় বলেন, রাস উৎসব তাঁদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর একটি। উৎসবকে ঘিরে প্রতিবছর নানা আয়োজন করা হয়। ছোট-বড় সবাই নানা রঙের পোশাক পরে নাচ, গান ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষ আসেন এ ঐতিহ্য দেখতে ও উপভোগ করতে।
রায়পুর রাধা মদনমোহন জিউর মন্দিরের সভাপতি সুবাস সাহা ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার বনিক জানান, কৃষ্ণকীর্তন ও নৃত্যের মধ্য দিয়ে রাস উৎসব শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো দর্শনার্থী এ উৎসবে যোগ দেন। রাস উৎসবকে কেন্দ্র করে রায়পুরের অনেক পরিবার কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে। এটি শুধু মন্দিরের অনুষ্ঠান নয়, এলাকার মানুষের দীর্ঘদিনের আবেগ ও ঐতিহ্যের অংশ। রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত বলেন, রাস উৎসব সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন। শ্রীশ্রী রাধাকৃষ্ণের প্রেম, ভক্তি ও আধ্যাত্মিকতার মহিমা স্মরণে এ উৎসব অনুষ্ঠিত হয়। রায়পুরের রাধা মদনমোহন জিউর মন্দিরের রাস উৎসব দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় ঐতিহ্য বহন করে আসছে। এ উৎসবে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এটি মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরতে এবং ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে প্রতিবছর উৎসব আয়োজন করা প্রয়োজন।
আয়োজকদের মতে, দীর্ঘদিনের এ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর নানা আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে মন্দির ও আশপাশের এলাকায় কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি শুরু হয়। ভক্তদের অংশগ্রহণ, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা উৎসবকে প্রাণবন্ত করে তোলে। ভক্ত ও দর্শনার্থীদের মতে, রায়পুরের রাস উৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি এলাকার ইতিহাস, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এ উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করে। প্রজন্ম থেকে প্রজন্মে শত বছরের এ ঐতিহ্য টিকিয়ে রাখার প্রত্যাশা তাঁদের।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.