The whole country is shivering in the winter, the sun is not seen

shear

রাজধানীসহ দেশের বেশির ভাগ অঞ্চলে গতকাল শনিবার ঘন কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মেলেনি।

এতে গত কিছুদিন ধরে চলা শীতের অনুভূতি আরো তীব্র হয়েছে। আগের দিন চার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও গতকাল তা আরো এক বিভাগ ও এক জেলায় ছড়িয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই পরিস্থিতি থাকতে পারে আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রংপুর বিভাগ এবং রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি) বয়ে গেছে। আজ রবিবারও তা অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া নওগাঁর বদলগাছীতে ৮.৯, নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, পাবনার ঈশ্বরদী, চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে।

কুষ্টিয়ার কুমারখালী, রংপুর, নীলফামারীর ডিমলা ও বরিশালে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি বা এর আশপাশে। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সামগ্রিকভাবে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে পর্যাপ্ত সূর্যের আলো না আসায় গত কিছুদিন ধরে দিনের তাপমাত্রা সারা দেশে গড়ে ৭ থেকে ৮ ডিগ্রি কম থাকছে। রাতের তাপমাত্রা তেমন কমেনি। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের অনুভূতি অনেকটাই বেড়ে গেছে। এটা জানুয়ারি মাসে মাঝেমধ্যেই হয় এবং টানা তিন-চার দিন থাকে।

 এই অবস্থা আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে। ১৮ বা ১৯ জানুয়ারির দিকে আবার সারা দেশে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে গেলে দিনের তাপমাত্রা বাড়বে। তখন রাতের তাপমাত্রা কম থাকলে বা শৈত্যপ্রবাহ থাকলেও এতটা শীত অনুভূত হবে না।’ আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, গতকাল সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি কম ছিল। সর্বোচ্চ তাপমাত্রা কম, দিনে সূর্যের দেখা না পাওয়া, সারা দিন কুয়াশা থাকা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় মানুষের শীতের অনুভূতি কমছে না। ফলে তাপমাত্রা আজ বা কাল কিছুটা বাড়লেও মানুষের শীতের অনুভূতিতে খুব একটা পরিবর্তন হবে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,  আজ রবিবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল সোমবার দিন ও রাতের তাপমাত্রা দুটিই কিছুটা বাড়তে পারে। মঙ্গলবার আবার কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা।

আগামী কিছুদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Related News

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.