Abu Taher, Ramganj Representative:
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রতিচ্ছবি ও গরীবের অনুভূতি।
রাজনৈতিক নেতা হিসেবে তিনি অবিস্মরণীয়, অতুলনীয় আর রাষ্ট্রনায়ক হিসেবে তিনি ছিলেন দুর্দান্ত ও দক্ষ একজন মানুষ। যারা বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে তারা শুধু তাকেই মেরে ফেলেনি তারা গোটা দেশকে মেরে ফেলেছে, ক্ষতবিক্ষত করেছে। সোমবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ার খান এমপি বলেন, আগস্ট মাস অনুতাপের মাস, অনুশোচনার মাস।
একজন মানুষ রাজনৈতিক ভাবে বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী হতে পারে কিন্তু বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস জানলে এমন কোন মানুষ নেই যে তাকে অস্বীকার করতে পারবে। তিনি বলেন, অমানুষরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। হত্যাকা-ের সঙ্গে জড়িতরা সবাই বঙ্গবন্ধুর বাসায় নিয়মিত আসতেন। তারা ছিলেন ঘরের মানুষ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে বঙ্গবন্ধুকে হত্যা করতে চাইলে বিশ্ব এর বিরোধিতা করে। কিন্তু অমানুষরা দেশে তার ঘরে বঙ্গবন্ধুকে হত্যা করে। বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে এমপি আনোয়ার খান বলেন, বঙ্গবন্ধুর অনেক কিছুই আমরা মানুষের কাছে তুলে ধরতে পারিনি। শুধু তাই নয়, ’৭৫-এর পরে সেই ইতিহাসকে বারবার চাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল। একটি যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
তখন চারদিকে শুধুই পোড়ামাটির স্তুপ। রাষ্ট্রীয় কোষাগার ছিল অর্থশূন্য। উনার পাশে শুধু ছিল এই সাড়ে ৭ কোটি বাঙালি। মাত্র সাড়ে ৩ বছরের মধ্যেই উনি যুদ্ধবিধ্বস্ত দেশকে ঢেলে সাজিয়েছিলেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সেসময়ই আমাদের প্রবৃদ্ধির হার ৯.৭৩ শতাংশ করতে সক্ষম হয়েছিলেন বঙ্গবন্ধু, যা এখনো পর্যন্ত রেকর্ড। এই পরিমাণ প্রবৃদ্ধির হার আর কোনো রাষ্ট্রনেতা করতে পারেনি। রামগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শরীফ উল্লাহ্ সামছ্ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ সংসদীয় আসনের এমপি ড.আনোয়ার হোসেন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ এমদাদুল হক,উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টু, পৌরমেয়র আবুল খায়ের পাটোয়ারী,উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম আমীন, উপজেলা যুবলীগের সভাপতি সৈকত মাহমুদ সামছু, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূইয়া সুমন, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, রামগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সকল কাউন্সিলরসহ রামগঞ্জ উপজেলা ও পৌরসভা থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবকলীগ, শ্রমিকলীগসক সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
